ওসমানীনগর প্রতিনিধি ||
ওসমানীনগরে তিন ভাগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগরে পৃথক তিনটি আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলটির নেতাকর্মীরা। উপজেলার কদমতলা, তাজপুর বাজার ও গোয়ালাবাজারে পৃথকভাবে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পৃথক আয়োজনে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তির চিত্রও স্পষ্ট হয়েছে।১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার কদমতলায় উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বলয়ের বিএনপি নেতা এনামুল হক পীর এনামসহ নেতাকর্মীদের উদ্যোগে তাজপুর বাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দলীয় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠা, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।অন্যদিকে, একই বলয়ের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান ইমরাণ রব্বানী, জেলা যুবদল নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ নেতাকর্মীদের উদ্যোগে উপজেলার গোয়ালাবাজারেও বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সেখানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, একই দিনে ওসমানীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক তিনটি কর্মসূচি অনুষ্ঠিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভক্তির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। একই দলের প্রতিষ্ঠাবার্ষিকী হলেও নেতাকর্মীরা পৃথক কর্মসূচিতে অংশ নেওয়ায় স্থানীয় বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের চিত্র প্রকাশ্যে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।