মোঃআলামিন হোসেন তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি ||
চোরাই সন্দেহে তাড়াশে মহিষসহ ৪ পশু আটক, একজন আটকমোঃআলামিন হোসেন তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে চোরাই সন্দেহে একটি মহিষ ও তিনটি গরু আটক করেছেন স্থানীয়রা। এ ঘটনায় হাবিল (৩৫) নামে একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে একটি গাড়িতে করে গরু ও মহিষ তাড়াশের মাধবপুর পশ্চিমপাড়া গ্রামের বাবলু কসাইয়ের বাড়িতে আনা হয়। সেখানে পশুগুলো নামানোর সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় ও পশুগুলোর মালিকানা সম্পর্কে জানতে চান।এ সময় গাড়িতে থাকা কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা মথুরাপুর বাজার এলাকায় হাবিলকে আটক করে পুলিশে খবর দেন। একই সঙ্গে একটি মহিষ ও তিনটি গরু আটক করা হয়।আটক হাবিল মাধবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত আলতাফ ব্যাপারীর ছেলে।এদিকে, বড়াইগ্রাম থেকে কয়েকজন গরুর মালিক তাড়াশে এসে আটক গরুগুলো শনাক্তের চেষ্টা করছেন। তবে গরু ও মহিষগুলো চুরি করা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।তাড়াশ থানার পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে পশুগুলো ও একজন ব্যক্তিকে থানায় আনা হয়েছে। পশুগুলোর মালিকানা ও ঘটনার প্রকৃত কারণ যাচাই করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।