মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার ||
ফরিদপুরে সওজের জমি ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযানমো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমিতে অবৈধ দখল ও স্থাপনা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৫ মিনিটে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ভাঙ্গা-ফরিদপুর (গোয়ালচামট) সড়কের নদী গবেষণা ইনস্টিটিউট এলাকা হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত সওজের আওতাধীন এলাকায় এ অভিযান শুরু হয়।জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশের নেতৃত্বে এবং ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযানকালে হাসপাতাল চত্বরের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট এবং সওজের সরকারি জমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও হাসপাতালসংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করা জায়গা দখলমুক্ত করা হয়।সংশ্লিষ্টরা জানান, সরকারি জমিতে অবৈধ দখল ও হাসপাতাল এলাকায় অস্থায়ী দোকানপাট গড়ে ওঠায় রোগী, স্বজন ও সাধারণ মানুষের চলাচলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এছাড়া সড়কসংলগ্ন এলাকায় যান চলাচল ও পরিবেশের ওপরও এর প্রভাব পড়ছিল।উচ্ছেদ অভিযানের ফলে হাসপাতাল ও সড়কসংলগ্ন এলাকায় মানুষের চলাচল আরও সহজ হবে এবং পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এদিকে উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি দেখা গেছে। তারা সরকারি জায়গা দখলমুক্ত রাখার পাশাপাশি উচ্ছেদ করা স্থানগুলোতে যেন পুনরায় অবৈধ স্থাপনা বা দোকানপাট গড়ে উঠতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি কামনা করেছেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উচ্ছেদ করা জায়গাগুলোতে পুনরায় অবৈধ দখল ঠেকাতে নিয়মিত মনিটরিং করা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সংবাদ লেখা পর্যন্ত অভিযান চলমান ছিল।