প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬
নড়াইলে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি ||
নড়াইলে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইমো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি:- নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পুটিমারী বাজার এলাকায় একটি অস্ত্র ও নয়টি মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) আসামি এসকেন শেখকে (৩৫) পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এসকেন পুটিমারী গ্রামের বাবলু শেখের ছেলে। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন ও হাসান পুঠিমারী থেকে এসকেন শেখকে গ্রেফতার করেন। এরপর পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ (হাতকড়া) এসকেনকে ছিনিয়ে নেয় তার বাবা বাবলু শেখ, ভাই নয়ন শেখ ও সজল শেখসহ তাদের লোকজন। এ সময় এসআই মুরাদ হোসেনের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তারা। আহত পুলিশ কর্মকর্তা মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী জানান, পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙ্গা হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। তবে, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত এসকেনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তার নামে একটি অস্ত্র এবং নয়টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় ২৩জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ