মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
ওসমানীনগরে ভূমি বিরোধে হামলার অভিযোগসংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন সাইদুর রহমানওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগরে দীর্ঘদিনের ভূমি বিরোধের জের ধরে হামলা, ভাঙচুর, হুমকি ও মানহানিকর অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের সাইদুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।লিখিত বক্তব্যে সাইদুর রহমান বলেন, খুজগীপুর গ্রামের মাজাহিদ আলী, আব্দুল শহিদসহ তাদের সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পরিবারের ১৩০ শতক ভূমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে ১৯৭৬ সালে তার চাচা সোনাওর আলী মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০১০ সালের ২৬ আগস্ট সিলেট বিশেষ জেলা জজ আদালত তাদের পক্ষে রায় দেন বলে দাবি করেন তিনি।সাইদুর রহমানের অভিযোগ, চলতি বছরের জুলাই মাসে বিরোধপূর্ণ ভূমিতে তিনি সাইনবোর্ড স্থাপন করলে মাজাহিদ আলী, আব্দুল শহিদসহ তাদের সহযোগীরা তা ভাঙচুর করে নিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ভূমির কাগজপত্র নিয়ে থানায় আসতে বলে।তিনি আরও অভিযোগ করেন, এরপর থেকে তাকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে। এমনকি তার ছবির সঙ্গে অন্য এক নারীর ছবি যুক্ত করে জাল কাবিননামা ও সাজানো অভিযোগপত্র তৈরি করে বিভিন্ন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তির কাছে পাঠিয়ে তার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।সাইদুর রহমান বলেন, সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উমরপুর বাজারে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান রহমান রাইস মিলে আশ্রয় নিলে সেখানেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এ সময় লোহার পাইপ ও ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে এলে আরও তিনজন আহত হন। ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চার দিন চিকিৎসা নেন তিনি।এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর তার ভাই আমিনুর রহমান বাদী হয়ে ওসমানীনগর থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬-৭ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।সাইদুর রহমান দাবি করেন, মামলা দায়েরের পর থেকে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন। তাকে অপহরণ ও হত্যার পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাজাহিদ আলী ও আব্দুল শহিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।