আশরাফুদ্দীন আল আজাদ, , বিশেষ প্রতিনিধি: ||
বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাবু (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই তরুণীর মা মোছা. আছফুল বেওয়া ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।মঙ্গলবার (৬ অক্টোবর) দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের বাবুর সঙ্গে ওই তরুণীর প্রায় নয় মাস ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এরই ধারাবাহিকতায় গত ২ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাবু মোবাইল ফোনে ওই তরুণীকে ডেকে নেন।অভিযোগে বলা হয়, পরে তাঁকে ঈশ্বরঘাট গ্রামের বাবুর ফুফা লুৎফর রহমানের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবু তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ করেছেন তরুণীর মা।বিষয়টি জানার পর তরুণীর মা বাবুর সঙ্গে তাঁর মেয়ের বিয়ের বিষয়ে কথা বলেন। তবে অভিযোগ, এরপর বাবু বিয়ের বিষয়ে নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে তরুণীকে তাঁর বাড়ির পাশে রেখে বাবু সেখান থেকে চলে যান।পরে বিয়ের দাবিতে বাবুর বাড়ির উঠানে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ওই তরুণী। পরিবারের দাবি, টানা তিন দিন ধরে তিনি সেখানে অবস্থান করছেন। এ সময় বাবু বাড়ি থেকে চলে গেছেন বলে অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় তরুণীর মা ৬ অক্টোবর ধুনট থানায় লিখিত অভিযোগ করেছেন।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।