সঞ্জু বনিক সৌরভ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ||
প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে পঞ্চগড়ে উত্তেজনা, বিদ্যালয়ে শিক্ষক অবরুদ্ধপঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড় ৬ অক্টোবর ২০২৬ পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে বিদ্যালয়ে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুর জন্য কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান ও বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। এ সময় সহকারী শিক্ষক আকলিমা আক্তারকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা।মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এ বিক্ষোভ চলে। বিক্ষোভের কারণে প্রায় চার ঘণ্টা বিদ্যালয়ের পাঠদানসহ স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকে।বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষক নুর আজমের সঙ্গে সহকারী শিক্ষক শাহাজুল ইসলাম ও আকলিমা আক্তারের বিরোধ চলছিল। তাঁদের দাবি, বিভিন্ন সময়ে প্রধান শিক্ষককে হেনস্তা ও হুমকি-ধমকি দেওয়া হয়েছে। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলেও অভিযোগ করেন স্থানীয়রা।স্থানীয়দের ভাষ্য, সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক নুর আজমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। এর কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়।বিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী বলেন, নুর আজম স্যার অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় যেসব অভিযোগ উঠেছে, সেগুলো তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।খবর পেয়ে পঞ্চগড় সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগগুলো লিখিতভাবে দেওয়ার আহ্বান জানান এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা বিদ্যালয় থেকে চলে যান।পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, প্রধান শিক্ষকের মৃত্যুর পর এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীদের লিখিতভাবে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।নুর আজম মীরগড় এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ২০১২ সালে মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার্থীদের শুভেচ্ছা গ্রহণের পর তাঁর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়জুড়ে শোকের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।