মোঃ জয়নাল আবেদীন জয়, , লালমাই কুমিল্লা ||
লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত (মোঃ জয়নাল আবেদীন জয়, লালমাই কুমিল্লা) কুমিল্লার লালমাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় লালমাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস।সভায় উপস্থিত ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা হাজেরা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খোরশেদ আলম লোকমান,উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পুলিন মজুমদার, সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার, সাবেক সভাপতি অমর কৃষ্ণ বণিক, সাবেক সাধারণ সম্পাদক মানিক মজুমদার, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুমন রায় চৌধুরী এবং যুব ফ্রন্টের সভাপতি শম্ভু চন্দ্রসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।এ ছাড়া উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন জয়, যুগ্ম সাধারণ সম্পাদক ও লালমাই থিয়েটারের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. মোস্তফা কামাল মজুমদার রুবেলসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দর্শনার্থীদের নির্বিঘ্নে চলাচল এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। নিরাপত্তার অংশ হিসেবে প্রতিটি পূজামণ্ডপে আইপি সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পুলিশ, আনসার-ভিডিপি সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার কথা জানানো হয়।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুব্রত বিশ্বাস দাস প্রতিটি পূজামণ্ডপের সভাপতির কাছে আর্থিক সহায়তা প্রদান করেন।বক্তারা বলেন, দুর্গাপূজা সবার জন্য আনন্দমুখর ও নিরাপদ করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন পরিষদ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।উল্লেখ্য, ২০২৬ সালের ১৬ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হওয়ার কথা রয়েছে। উৎসবকে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংগঠনগুলো প্রস্তুতি গ্রহণ করছে।