মোঃ তারেক রহমান, , গাজীপুর প্রতিনিধি ||
গাজীপুরে ভূমি জরিপকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, ১০ মিনিটের মধ্যে প্রাণনাশের হুমকিমোঃ তারেক রহমান, গাজীপুর প্রতিনিধি:- গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকায় ভূমি জরিপসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোঃ রমজান মিয়া (৫২) হামলা, শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দক্ষিণ পানিশাইল এলাকার পলাশ হাউজিং-সংলগ্ন ভূমি জরিপ (বিডিএস) অফিসে ভূমিসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রমজান মিয়া ও তাঁর সহকর্মীরা।অভিযোগ অনুযায়ী, তথ্য সংগ্রহের একপর্যায়ে সেখানে উপস্থিত কয়েকজন ব্যক্তির সঙ্গে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে এক ব্যক্তি তাঁর গলা চেপে ধরেন বলে অভিযোগ করেন রমজান মিয়া। এ সময় তাঁকে গালিগালাজ করা হয় এবং তাঁর সহকর্মী সাংবাদিকদেরও হেনস্তা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।সাংবাদিক রমজান মিয়ার দাবি, একপর্যায়ে তাঁকে ও তাঁর সহকর্মীদের ঘটনাস্থল ত্যাগ করতে বলা হয়। অন্যথায় ১০ মিনিটের মধ্যে স্থান ত্যাগ না করলে তাঁদের মারধরসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ও তাঁর সহকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন।এ ঘটনায় দায়ের করা লিখিত অভিযোগে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগকারী সাংবাদিক ঘটনার সুষ্ঠু তদন্ত, নিজের ও সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমি জরিপ বা ভূমিসংক্রান্ত তথ্য সংগ্রহের সময় কোনো বিরোধ দেখা দিলে তা আইনসম্মতভাবে নিষ্পত্তি করা প্রয়োজন। তবে এ ঘটনায় উত্থাপিত অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি।পুলিশের বক্তব্য: কাশিমপুর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।