আশরাফুদ্দীন আল আজাদ, ||
ধুনটে মানব সেবা ফাউন্ডেশনের শিক্ষার্থী আত্মউন্নয়ন সেমিনার, ছাগল বিতরণআশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:- বগুড়ার ধুনট উপজেলার পারলক্ষীপুর গ্রামে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের আত্মউন্নয়নে উদ্বুদ্ধ করতে সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেছে মানব সেবা ফাউন্ডেশন (এমএসএফ)। একই সঙ্গে ছয়টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে ছাগল বিতরণ, মাদ্রাসায় ব্ল্যাকবোর্ড প্রদান এবং গ্রামে টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) ফাউন্ডেশনের আয়োজনে ‘মানব সেবা মেগা প্রকল্প-২০২৬’-এর অংশ হিসেবে ‘MSF শিক্ষার্থী আত্মউন্নয়নমূলক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে পারলক্ষীপুর গ্রামের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ফাউন্ডেশনের সদস্যরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারলক্ষীপুর গ্রামের কৃতী সন্তান ও গোসাইবাড়ী মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ, সাবেক ইউপি সদস্য মো. মজিবর রহমান, সাবেক ইউপি সদস্য মো. লুতফর সরকারসহ গ্রামের মুরুব্বিরা।অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, মেধা বিকাশ ও ভবিষ্যৎ গঠনে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা দেন। তিনি বলেন, গ্রামের শিক্ষার্থীদের এগিয়ে নিতে আত্মউন্নয়নমূলক যেকোনো উদ্যোগে সবার সহযোগিতা করা কর্তব্য। এ ধরনের আয়োজনের জন্য মানব সেবা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে সউদ বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। তাদের যথাযথ পরিচর্যা ও সঠিক দিকনির্দেশনা দিতে পারলে তারা ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে।মানব সেবা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওসমান গনি নয়ন শিক্ষার্থীদের উদ্দেশে আত্মউন্নয়ন, ব্যক্তিত্ব গঠন ও ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার বিভিন্ন দিক নিয়ে তথ্যবহুল আলোচনা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, সময়ের সঠিক ব্যবহার এবং নিজেদের লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ফাউন্ডেশনের প্রবাসী সদস্যদের জন্য দোয়া করা হয়।শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে মো. হাসব আলী বলেন, সন্তানদের সফলতার পেছনে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের পড়াশোনা, আচরণ ও মানসিক বিকাশের বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।সেমিনারে পঞ্চম থেকে দশম শ্রেণির প্রায় ১০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সঠিক উত্তরদাতাদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সৌজন্যমূলক উপহার দেওয়া হয় এবং তাদের জন্য নাশতার ব্যবস্থা করা হয়।সেমিনার শেষে মানব সেবা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি অভাবগ্রস্ত পরিবারকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়। একই দিনে মোহানপুর হাফেজিয়া কওমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে সহায়তার জন্য দুটি ব্ল্যাকবোর্ড প্রদান করা হয়।এ ছাড়া ‘মানব সেবা মেগা প্রকল্প-২০২৬’-এর আওতায় গ্রামের দক্ষিণ অংশে একটি টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নয়ন, অসহায় পরিবারের আয়বর্ধন এবং গ্রামীণ জনগোষ্ঠীর মৌলিক সুবিধা নিশ্চিত করার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।শিক্ষার্থীদের আত্মউন্নয়ন থেকে শুরু করে অসহায় পরিবারের স্বাবলম্বিতা অর্জন—বিভিন্নমুখী এসব কার্যক্রমের মধ্য দিয়ে পারলক্ষীপুর গ্রামে মানবিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে মানব সেবা ফাউন্ডেশন।