মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
টঙ্গীবাড়ীতে প্রবাসীকে কুপিয়ে জখম, ২ লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ মুন্সীগঞ্জ প্রতিনিধি:- মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মোহাম্মদ সুমন (৪২) নামে এক মালয়েশিয়াপ্রবাসীকে চাপাতি ও লোহার রড দিয়ে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ ২ লাখ টাকা, একটি স্বর্ণের চেইন ও আইফোন ১১ প্রো ম্যাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করায় তদন্ত করছে পুলিশ।অভিযোগকারী মোহাম্মদ সুমন টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের পশ্চিম সোনারং এলাকার বাসিন্দা।এজাহার সূত্রে জানা যায়, ২০২৬ সালের ১৯ অক্টোবর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে উপজেলার বড়লিয়া এলাকায় আসুফা কিন্ডারগার্টেন মাদ্রাসার সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে ইকরাম মল্লিক, ইকবাল মল্লিক, সোহেল মল্লিক ও সুমন দেওয়ান তাঁর পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।এজাহারে দাবি করা হয়, অভিযুক্তদের হাতে চাপাতি, ছোরা, লোহার রড ও কাঠের লাঠি ছিল। একপর্যায়ে চাপাতির আঘাতে সুমনের ওপরের ঠোঁটে গুরুতর জখম হয়। এ ছাড়া লোহার রড দিয়ে মাথায় আঘাত এবং কাঠের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়।অভিযোগ অনুযায়ী, সুমন মাটিতে পড়ে গেলে তাঁর সঙ্গে থাকা শপিং ব্যাগ থেকে নগদ ২ লাখ টাকা, গলায় থাকা আনুমানিক ১ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং প্যান্টের পকেটে থাকা আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি আইফোন ১১ প্রো ম্যাক্স নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত সুমন টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এদিকে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর পুলিশের তদন্ত চলাকালে বিবাদীপক্ষের ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় বিবাদীপক্ষও বাদীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। ফলে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে পুলিশ।টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, মারধরের ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষের মধ্যে পূর্ববিরোধ ছিল। অভিযোগ দায়েরের পর তদন্ত চলাকালে বিবাদীপক্ষের ওপরও হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।