মোহাম্মদ আলী,, নিজস্ব প্রতিবেদক ||
হরিরামপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৪ জেলের ৭ দিনের কারাদণ্ড।মোহাম্মদ আলী,নিজস্ব প্রতিবেদক। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর অংশ হিসেবে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা-যমুনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে চার জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।গত সোমবার (২৬ অক্টোবর) উপজেলার পদ্মা-যমুনা নদীসংলগ্ন বলবন্ত জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়।আটক জেলেরা হলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মজলিসপুর গ্রামের ইউসুফ মিস্ত্রির ছেলে মো. আলী মিস্ত্রি (২৬), একই গ্রামের ফজলুল হকের ছেলে মো. আমির হোসেন (২২) উপজেলার চালা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে গফফার হোসেন (৪০) ও লুৎফর হোসেন (৩৫)।অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। এ ছাড়া তিন কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেনের যৌথ পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত আটক চার জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরামসহ মৎস্য বিভাগের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।পরে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মুঠোফোনে বলেন, “পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।”তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর নির্ধারিত সময় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ সময়ে নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।