মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
বুরুঙ্গা বাজারে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগীওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রায় ৬০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আয়োজিত এ ক্যাম্পে চোখ পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণের পাশাপাশি ছানি অস্ত্রোপচারের জন্য রোগী নির্বাচন করা হয়। আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য এ উদ্যোগ স্বস্তি নিয়ে এলেও ক্যাম্প আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবগত নন বলে জানিয়েছেন।হিউম্যান রিলিফ ফাউন্ডেশন (এইচআরএফ) ও ইউনাইটেড এইড ট্রাস্টের সহযোগিতায় আয়োজিত ক্যাম্পে ২৫৫ জনের চোখের পাওয়ার পরীক্ষা করা হয়। এ ছাড়া ২৩৭ জনকে চশমা এবং ৩৪৩ জনকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে। ছানি অপারেশনের জন্য ৪০ জন রোগীকে নির্বাচন করা হয়। পাশাপাশি একজন রোগীর গ্রাফটিংয়ের ব্যবস্থা করা হয়।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচিত ৪০ জন রোগীর ছানি অপারেশনের ব্যয় সহযোগী প্রতিষ্ঠানগুলোর সহায়তায় বহন করা হবে। তাঁদের ওসমানীনগর বার্ড চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করা হবে। এ উদ্যোগের ফলে আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে না পারা রোগীদের চোখের চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চোখ পরীক্ষা, ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁদের কয়েকজন জানান, অর্থাভাবে দীর্ঘদিন ধরে চোখের প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।ক্যাম্পে আসা এক বৃদ্ধ রোগী জানান, দীর্ঘদিন ধরে চোখে ছানি থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে অস্ত্রোপচার করাতে পারেননি। এ ক্যাম্পের মাধ্যমে ছানি অপারেশনের সুযোগ তৈরি হওয়ায় আবারও স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশা করছেন তিনি। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করেন ওই রোগী।ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী ও ইউনাইটেড এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফয়জুল ইসলাম। তিনি যুক্তরাজ্যের একটি মসজিদের ইমাম ও খতিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া যুক্তরাজ্য থেকে হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল ক্যাম্পে অংশ নেয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবক আব্দুল মুকিত। তিনি ক্যাম্পের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বেও ছিলেন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সামিয়া ফার্নিচারের প্রতিষ্ঠাতা পরিচালক ও বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাবেক সদস্য মো. শামীম আহমদ, নাবিহা-ফাবিহা স্টোরের স্বত্বাধিকারী মো. মিনহাজ মিয়া এবং ইজি শপের পরিচালক হাফিজুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য লাহিন হোসেন, সমাজসেবক শাহনুর মিয়া, বুরুঙ্গা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল আহমদ চৌধুরী, বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালিকুর রহমান, দ্বিপংকর দেব শিবুসহ পরিষদের অন্যান্য সদস্য। আরও উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সদস্য সাদিকুর রহমান চৌধুরী ও সালেহ আহমদ অপু, সমাজসেবক আব্দুল মতিন, নজরুল ইসলাম, নোমান মিয়া, সাব্বির আহমদ, কামরান আহমদ, আফরাজ আহমদ ও মুকিত মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ এবং ছানি অস্ত্রোপচারের ব্যবস্থা করার মধ্য দিয়ে ক্যাম্পটি স্থানীয় অসচ্ছল রোগীদের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবার সুযোগ তৈরি করেছে। তবে ক্যাম্প আয়োজনের বিষয়ে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবগত নন বলে জানিয়েছেন। ফলে এ ধরনের চিকিৎসা কার্যক্রম আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়টি আলোচনায় এসেছে।