প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬
তারাকান্দায় মায়ের সঙ্গে মাদ্রাসা থেকে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের
(ময়মনসিংহ) প্রতিনিধি ||
মায়ের হাত ধরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল দুই বোন। সঙ্গে ছিলেন গৃহকর্মী মা ফাতেমা খাতুন। কিন্তু সড়ক পার হতে গিয়েই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারায় নিষ্পাপ দুই শিশু। মুহূর্তেই থেমে যায় তাদের জীবনের পথচলা, আর শোকের ছায়া নেমে আসে পরিবারজুড়ে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই বোন হলো ওই এলাকার মুখলেছুর রহমানের মেয়ে আরপিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬)। তারা মায়ের সঙ্গে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত এবং এর চালককে আটকের চেষ্টা চলছে।একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে দুই শিশুর মায়ের হাত ধরে নিরাপদে বাড়ি ফেরার কথা ছিল, তাদের নিথর দেহ নিয়ে এখন পরিবারে চলছে শোকের মাতম।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ