মোঃআরিফুর রহমান , বাউফল পটুয়াখালী ||
পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (৮ নভেম্বর) রাতে বাজার রোড এলাকায় একদল কিশোর তাকে মারধর করে রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকসহ ১২ থেকে ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার বিকেলে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল রোড এলাকা অতিক্রমের সময় দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বার ব্যানারের সামনে চলে আসেন। এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ তাকে পেছনে যেতে বললে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়।ঘটনার জের ধরে রাত পৌনে ৮টার দিকে বাউফল বাজার রোডে আল ফাহাদ রেস্তোরাঁর সামনে আপেল ফিরোজের ওপর হামলার ঘটনা ঘটে।আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘রাত পৌনে ৮টার দিকে বাজার রোড এলাকায় গরিবদের জন্য চাল কিনতে যাচ্ছিলাম। এ সময় আলতাব হোসেন মেম্বারের ছেলে সাদিকের নেতৃত্বে ১২ থেকে ১৩ জন কিশোর গ্যাংয়ের সদস্য আমার ওপর হামলা করে। পরে শার্টের কলার ধরে কিলঘুষি মারে এবং টেনেহিঁচড়ে রাস্তায় ফেলে দেয়। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।’বিষয়ে জানতে দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলতাব হোসেন মেম্বারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, ‘আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার ঘটনা নিন্দনীয়। একটি ভুল-বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। যেহেতু অভিযুক্তরা সবাই বিএনপির কর্মী-সমর্থক, তাই ঘটনাটি আমরা মীমাংসার চেষ্টা করছি।’বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আপেল মাহমুদ ফিরোজকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হয় এবং আসামিদের কে গ্রেফতারের চেষ্টা চলছে