মোঃ খাইরুল ইসলাম , নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ||
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার উড়ালসেতুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও তাঁদের শিশুসন্তান রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় স্থানীয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কোনাবাড়ী এলাকা থেকে একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেলে করে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।দুর্ঘটনার খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা একই পরিবারের সদস্য। তাঁদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।একটি পরিবারের তিন সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।সড়কে একটু অসতর্কতা কেড়ে নিতে পারে একটি পুরো পরিবারের স্বপ্ন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক ও পথচারী সবার সচেতনতা জরুরি।