আবুল হোসেন , সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি ||
জামালপুরের সরিষাবাড়ীতে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চালকদের দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ এক পক্ষের, শিমলা বাসস্ট্যান্ডে দুটি স্ট্যান্ড একীভূত করার দাবি অন্য পক্ষেরশুক্রবার সকাল ৮টা থেকে পৌরসভার জেলা পরিষদ ডাকবাংলো এলাকায় সরিষাবাড়ী-তারাকান্দি মহাসড়কে সিএনজি অটোরিকশা এলোপাতাড়ি রেখে অবরোধ করেন এক পক্ষের চালকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।সিএনজি চালক সূত্রে জানা যায়, জামালপুর জেলা সিএনজি অটোটেম্পু অটোরিকশা নিয়ন্ত্রণ শ্রমিক ইউনিয়ন (৩৭১৭)-এর সরিষাবাড়ী আঞ্চলিক শাখার স্ট্যান্ড শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত। অন্যদিকে, পৌরসভার জেলা পরিষদ ডাকবাংলোর সামনেও রয়েছে আরেকটি সিএনজি স্ট্যান্ড। উভয় স্ট্যান্ড থেকেই জামালপুরে যাত্রী পরিবহন করা হয়।শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকার ৬০ থেকে ৭০ জন সিএনজি চালকের দাবি, দুটি স্ট্যান্ড একীভূত করে শিমলা বাজার বাসস্ট্যান্ড থেকে জামালপুরে যাত্রী পরিবহনের ব্যবস্থা করতে হবে। তবে জেলা পরিষদ ডাকবাংলো এলাকার চালকরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।এ নিয়ে শুক্রবার সকালে শিমলা বাজার বাসস্ট্যান্ডের কয়েকজন চালক জেলা পরিষদ ডাকবাংলো এলাকা থেকে সিএনজিতে ওঠা যাত্রীদের বাউশী পপুলার মোড় মুক্তিযোদ্ধা স্মরণীয় এলাকায় নামিয়ে দিয়ে জামালপুরগামী অন্য সিএনজিতে তুলে দেন বলে অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে জেলা পরিষদ ডাকবাংলো এলাকার চালকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তারা সরিষাবাড়ী থানার সামনে অবস্থান নেন। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিলে তারা জেলা পরিষদ ডাকবাংলোসংলগ্ন মহাসড়কে সিএনজি অটোরিকশা আড়াআড়িভাবে রেখে অবরোধ শুরু করেন।অবরোধকারী চালকদের অভিযোগ, যাত্রী পরিবহনের সময় তাদের গাড়ি আটকে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যাত্রীদের জোরপূর্বক নামিয়ে দেওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। এসবের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় ‘রাস্তায় চাঁদা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।অন্যদিকে, শিমলা বাজার বাসস্ট্যান্ড এলাকার সিএনজি চালক মিজানুর রহমান, এরশাদ ও মজনু মিয়া বলেন, পৌরসভার আরামনগর বাজার ছাড়া অন্য যেকোনো উপযুক্ত স্থানে সিএনজি স্ট্যান্ড স্থাপনে তাদের আপত্তি নেই। তবে শিমলা বাজার বাসস্ট্যান্ডে দুটি স্ট্যান্ড একীভূত করে একটি নির্দিষ্ট স্ট্যান্ড চালুর দাবি জানান তারা। তাদের দাবি, শিমলা বাসস্ট্যান্ড থেকে জামালপুরে যাত্রী পরিবহনের ক্ষেত্রে কোনো চাঁদা দাবি করা হয়নি। অথচ তাদের আওয়ামী লীগের ট্যাগ দিয়ে চাঁদাবাজ আখ্যা দেওয়া হচ্ছে। এ ধরনের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।এদিকে, দীর্ঘ সময় সড়ক অবরোধের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।বিক্ষোভকারী সিএনজি চালক জামাল, আলমগীর ও ইউসুফ আলী বলেন, সড়কে চাঁদাবাজি ও চালকদের হয়রানি স্থায়ীভাবে বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।সিএনজি স্ট্যান্ডের অবস্থান ও যাত্রী পরিবহন নিয়ে চালকদের দুই পক্ষের বিরোধে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরিষাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক রমজান আলী, পৌর ৫ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি টিক্কা মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রানা চপল উভয় পক্ষের মধ্যে সমঝোতা করা হবে বলে এ আশ্বাস দিলে তারা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। এ বিষয়টি জনস্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্টরা সচেতন মহল।এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সিএনজি চালকদের সড়ক অবরোধের বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন বলে জানান তিনি।