মোঃ রাসেল আহমেদ, , নেত্রকোনা প্রতিনিধি ||
“বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, গড়ব মোরা উন্নয়নের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং সার, বীজ, ডিজেল, বিদ্যুৎসহ কৃষি উপকরণের দাম কমানোর দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ কৃষক ইউনিয়নের নেতাকর্মীরা।বাংলাদেশ কৃষক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পাওয়ায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে সার, বীজ, ডিজেল, বিদ্যুৎসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষিকাজ করে কৃষকদের পক্ষে জীবিকা নির্বাহ করা দিন দিন কঠিন হয়ে পড়ছে।বক্তারা আরও বলেন, কৃষককে বাঁচাতে হলে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সার, বীজ, ডিজেল, বিদ্যুৎ ও অন্যান্য কৃষি উপকরণের দাম কমিয়ে কৃষিবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম।এ সময় বক্তব্য দেন বাংলাদেশ কৃষক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি হাওর বন্ধু মোঃ ইকবাল হোসেন, সংগঠনের সম্পাদক প্রভাষক সুমন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামীম তালুকদার, সহ-সভাপতি আবুল কাশেম আবাদী, উপদেষ্টা অরবিন্দ ধর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মনির, মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমা আলম, সাংবাদিক শামসুল আলমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।