মকবুল হোসেন, , স্টাফ রিপোর্টার ||
ময়মনসিংহের নান্দাইলের স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন 'শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচার কার্যক্রম' শীর্ষক প্রকল্পের আওতায় 'ফ্যাক্টস ফর লাইফ (এফ.এফ.এল) উইথ ফিল্ড প্র্যাকটিস' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠিত হয়েছে।আজ ১৪ নভেম্বর শনিবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের আয়োজনে এবং নান্দাইল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় উপজেলা কার্যালয়ের সম্মেলনকক্ষে তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী ও সনদপ্রদান অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক কে এম আবদুল ওয়াদুদ।প্রধান অতিথি বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারীদের সার্বিক উন্নয়ন ও অধিকার রক্ষায় সঠিক তথ্যের প্রচার এবং মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরী। এ প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে এটাই প্রথম। তৃণমূল পর্যায়ে সচেতনতা তৈরি ও মাঠ পর্যায়ে সঠিক তথ্যপ্রবাহে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।সভাপতি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ের গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতা বাড়াতে এবং জনসচেতনামূলক প্রচার কার্যক্রমকে আরো গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের কর্মশালা আয়োজনের আহ্বান জানান তিনি।সমাপনী অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের প্রতিনিধিবৃন্দ,প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।