প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
পটুয়াখালীতে ট্যাংকলরি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ২
অপূর্ব সরকার, , পটুয়াখালী জেলা প্রতিনিধি ||
পটুয়াখালীতে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি ও মালামালবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চান মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপে থাকা স্বামী-স্ত্রী হারুন মোল্লা (৪৫) ও মরিয়ম (৪০) আহত হয়েছেন।রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের সময় পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে খলিশাখালী পাওয়ার প্ল্যান্টসংলগ্ন ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা থেকে ঘরের মালামাল নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে আসছিল ঢাকা মেট্রো-ন-২০-৪৬৬১ নম্বরের একটি পিকআপ ভ্যান। পথে পটুয়াখালী ব্রিজের উত্তর পাশে খলিশাখালী পাওয়ার প্ল্যান্টসংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট-১৩-১৭৭৬ নম্বরের একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে পিকআপ ভ্যানের চালক মো. চান মিয়া গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ২০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় পিকআপে থাকা হারুন মোল্লা ও তাঁর স্ত্রী মরিয়ম আহত হন। তাঁদের সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।নিহত চান মিয়া পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর এলাকার বাহের মৌজ গ্রামের মো. আজাহার গাজীর ছেলে। আহত হারুন মোল্লা গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের ইউনূছ মোল্লার ছেলে। তাঁর স্ত্রী মরিয়ম একই এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোট তিনজন হতাহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন নিহত এবং দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ