মনিরুল ইসলাম , সম্পাদক ও প্রকাশক ||
দেশের সীমান্তবর্তী জেলাগুলোর গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে মাদকদ্রব্যের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিনি কার্যালয় অথবা প্রয়োজনীয় প্রশাসনিক ইউনিট স্থাপনের দাবি জানিয়েছেন হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি হাফিজ মাওলানা মোঃ ছালিম আহমদ খান।তিনি বলেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদকের প্রবেশ ও বিস্তার নিয়ন্ত্রণে প্রশাসনিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিনি কার্যালয় স্থাপন সময়ের দাবি।পাশাপাশি সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনগুলোর সমন্বয়ে দ্রুত একটি কার্যকর সমন্বিত মাদকবিরোধী সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর মতে, এ সেলের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি, প্রচারণা, তথ্য আদান-প্রদান এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; বরং প্রশাসন, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, যুবসমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।