সঞ্জু বনিক সৌরভ , জেলা প্রতিনিধি, পঞ্চগড় ||
পঞ্চগড়ের বোদা উপজেলার দুটি সন্ত্রাসবিরোধী মামলার এজাহারনামীয় আসামি ও তালিকাভুক্ত চাঁদাবাজ রশিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। শুক্রবার (২০ নভেম্বর) রাতে পাশের জেলা ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার কেসাডাঙ্গী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার রশিদুল ইসলাম (৩৮) পঞ্চগড়ের বোদা উপজেলার জমাদারপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বোদা উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং বোদা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।রোববার (২২ নভেম্বর) এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্প এবং সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে রশিদুল ইসলামকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।এদিকে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে এসআরবি-১৩। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান পরিচালনার বিষয়টিও সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।