হাবিবুর রহমান , ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: ||
নীলফামারীর ডিমলায় জাতীয় ছাত্রশক্তি গয়াবাড়ি ইউনিয়ন শাখার সাবেক আহ্বায়ক মো. শেফাজুল ইসলাম সংগঠন থেকে বহিষ্কারের আদেশ পাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং সংগঠনের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলার কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।সম্প্রতি দেওয়া এক বক্তব্যে শেফাজুল ইসলাম বলেন, ব্যক্তিস্বার্থ নয়, আদর্শের টানেই তিনি সংগঠনে যুক্ত হয়েছিলেন। ছাত্রসমাজের অধিকার, মানুষের কল্যাণ ও ন্যায়বিচারের পক্ষে কাজ করার প্রত্যাশা নিয়েই তাঁর সাংগঠনিক পথচলা শুরু হয়েছিল।তিনি আরও বলেন, সংগঠনের ভেতরে অনিয়ম, দুর্নীতি ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সামনে আসায় তিনি প্রতিবাদ করেছেন এবং প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, সংগঠনের সম্মান ও আদর্শ রক্ষার স্বার্থেই তিনি সত্য তুলে ধরার চেষ্টা করেছিলেন।বহিষ্কারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, কাগজে-কলমে একটি পদ বা পরিচয় কেড়ে নেওয়া সম্ভব হলেও বিবেকের কণ্ঠস্বর বন্ধ করা সম্ভব নয়। সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস কোনো আদেশ দিয়ে থামিয়ে রাখা যায় না।শেফাজুল ইসলাম আরও বলেন, তিনি কারও প্রতি প্রতিহিংসা বা অপমান চান না। তাঁর দাবি, উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও সত্যতা যাচাই করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংগঠনকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রেখে মূল আদর্শে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, পদ ও সাংগঠনিক পরিচয় হারালেও অন্যায়ের কাছে মাথা নত করবেন না। তাঁর ভাষায়, এই বহিষ্কার তাঁর কাছে পরাজয় নয়, বরং নিজের বিবেকের কাছে সৎ থাকার কঠিন পরীক্ষা।উল্লেখ্য, শেফাজুল ইসলামের বক্তব্যে সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সংগঠন বা দায়িত্বশীল নেতাদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা প্রয়োজন।