মো: শাহজালাল সুমন,, উত্তরা ঢাকা ||
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগর উত্তর শাখার ৭৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এম এ হান্নান খানকে সভাপতি এবং মেহেদী হাসান তানভীরকে সাধারণ সম্পাদক করে এ কমিটি অনুমোদন করা হয়। ২৩ নভেম্বর সোমবার কেন্দ্রীয় তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর শাখার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বিভিন্ন নেতাকর্মী পোস্ট ও মন্তব্য করছেন। পাশাপাশি মহানগর উত্তর তাঁতী দলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। নতুন কমিটি অনুমোদনের পর নবনির্বাচিত সভাপতি এম এ হান্নান খানের বাসভবনে বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। একইভাবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীরের বাসভবনেও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নবনির্বাচিত সভাপতি এম এ হান্নান খান বলেন,তাঁতী দলের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলাম,দীর্ঘদিন ঢাকা মহানগর উত্তর দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি । আজ আমাকে ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এ দায়িত্ব পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেহেদী হাসান তানভীর বলেন, আমাকে ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। নবনির্বাচিত সভাপতি এম এ হান্নান খানকে সঙ্গে নিয়ে ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে চাই। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করব। আগামী দিনে ঢাকা মহানগর উত্তর তাঁতি দলকে একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করছি। নবগঠিত কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।