মোঃ রাসেল আহমেদ, , মদন (নেত্রকোনা) প্রতিনিধি: ||
নেত্রকোনার মদন উপজেলায় দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের ঘটনায় বাদীপক্ষের পক্ষে রায় দিয়েছেন আদালত। রোববার (২২ নভেম্বর) নেত্রকোনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এ রায় প্রদান করেন। এতে দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জমি নিয়ে চলমান আইনি লড়াইয়ে বাদীপক্ষের পক্ষে আদালতের সিদ্ধান্ত এলো।মামলার নথিপত্র সূত্রে জানা যায়, মদন উপজেলার ৪ নম্বর গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী এলাকার জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় মো. ফারুক চৌধুরী বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, নেত্রকোনায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। মামলায় বিবাদী হিসেবে আলী আকবর চৌধুরী, সাকিবুল ইসলাম, জেঠু মিয়া, শাহজু মিয়া, মোনায়েম ও জিয়াসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে।মামলার অভিযোগে বাদীপক্ষ দাবি করে, বিরোধপূর্ণ জমিতে তাদের ভোগদখল থাকা সত্ত্বেও বিবাদীপক্ষ জোরপূর্বক জমি দখল করে নেয় এবং তাদের স্বাভাবিক ভোগদখলে বাধা সৃষ্টি করে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল।মামলার নথিতে জমির খতিয়ান, দাগ নম্বর, ভোগদখল এবং অন্যান্য ভূমিসংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়। এ ছাড়া আদালতের নির্দেশনায় মদন উপজেলা ভূমি অফিসের মাধ্যমে বিরোধপূর্ণ জমির বিষয়ে সরেজমিন তদন্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে জমির রেকর্ড ও দখলসংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।দীর্ঘদিনের বিরোধ ও মামলার শুনানি শেষে রোববার (২২ নভেম্বর ২০২৬) বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বাদীপক্ষের অনুকূলে রায় প্রদান করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।আদালতের এ সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধে থাকা বাদীপক্ষ স্বস্তি পেয়েছে বলে জানা গেছে।