এম এ হোসেন পাটোয়ারী , পীরগাছা (রংপুর) প্রতিনিধি ||
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় নানা আয়োজনে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেনারী সার্জন ডা. উৎপল চন্দ্র রায় এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাকিল আহম্মেদ। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিস্তা ও ঘাঘট নদীবিধৌত পীরগাছা উপজেলার চরাঞ্চল ও গ্রামীণ জনপদে গবাদিপশু, হাঁস-মুরগি ও দুগ্ধ খামার সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান এবং বৈদেশিক মুদ্রা আয়ের নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব। এ জন্য খামারিদের কারিগরি প্রশিক্ষণ, মানসম্মত টিকা ও চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাশেম আলী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মাহমুদ পলাশ, বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ (রেসকিউস) সদস্য নুর হাসান নাহিদ এবং স্থানীয় খামারি সাইফুল ইসলাম।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, খামারি ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।