হাবিবুর রহমান হাবিব , পীরগাছা (রংপুর) প্রতিনিধি: ||
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জায়িদ ইমরুল মোজাক্কিনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।পরে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য আখতার হোসেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. উৎপল রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাকিল আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু হাসেম, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদসহ উপজেলার শতাধিক খামারি অনুষ্ঠানে অংশ নেন।আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ অর্থনীতিতে গরু, ছাগল, হাঁস-মুরগি পালন মানুষের আয় বৃদ্ধির অন্যতম মাধ্যম। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং নিয়মিত চিকিৎসাসেবা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুপাখির রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।আয়োজকেরা জানান, এ আয়োজনের মাধ্যমে স্থানীয় খামারিদের আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তরুণদের প্রাণিসম্পদ খাতে বিনিয়োগ ও আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।উল্লেখ্য, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপিত হবে।