সিরাজুল কবির বুলবুল , উখিয়া প্রতিনিধি ||
মানবপাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যেগ প্রয়োজন বলেন মনে করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, পান্না আকতার। (২৬ নভেম্বর) বৃহস্পতিবার উখিয়া উপজেলা পরিষদ হলরুমে মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক উপজেলা পর্যায়ের এন,জি,ও সংস্থা ব্র্যাকের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুপূর্ণ বক্তব্য রাখতে গিয়ে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার বলেন,অনেকে লোভে পড়ে মানবপাচারকারী চক্রের ফাঁদে পা দেন। এ ক্ষেত্রে ব্যক্তির অসচেতনতা ও নৈতিকতার অবক্ষয়ও দায়ী। তাই মানবপাচার প্রতিরোধের দায়িত্ব শুধু প্রশাসনের নয়, প্রত্যেক ব্যক্তিকেও নিজের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। প্রশাসন আইন প্রয়োগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সঙ্গে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে পারে। মানুষকে মানবপাচারের ঝুঁকি ও পরিণতি সম্পর্কে জানানো জরুরি বলে মন্তব্য করেন তিনি। উক্ত সভায় মূল প্রবন্ধের আলোচনা উত্থাপন করতে গিয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার শায়লা শারমিন বলেন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কক্সবাজারকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে ব্র্যাক। এ লক্ষ্যে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারাভিযান ও কমিউনিটিভিত্তিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে পাচারকারী চক্রের প্রতারণার কৌশল, মিথ্যা প্রলোভন এবং অনিয়মিত পথে বিদেশ যাওয়ার ঝুঁকি সম্পর্কে সচেতন করা হচ্ছে। নিরাপদ ও নিয়মিত অভিবাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাই এবং সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে বিদেশ যাওয়ার গুরুত্বও তুলে ধরা হচ্ছে।এসময় বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসাইন বলেন, শীতকালে সমুদ্র তুলনামূলক শান্ত থাকায় এ সময়ে সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা বাড়ে। এ সুযোগে পাচারকারী চক্রও সক্রিয় হয়ে ওঠে। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে। তিনি জানান, মানবপাচার প্রতিরোধে বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা ওয়ার্ড পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, মানবপাচার প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে এ ক্ষেত্রে জনসচেতনতার কোনো বিকল্প নেই।সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের কর্মকর্তারা, কমিউনিটির নেতা, ইউনিয়ন পরিষদের সদস্য, যুব প্রতিনিধি, গ্রাম পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।