সঞ্জু বনিক সৌরভ , জেলা প্রতিনিধি, পঞ্চগড় ||
পঞ্চগড়ের বোদা উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ছয় সাংবাদিকের সঙ্গে অসদাচরণ, গালিগালাজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার রায়ের বিরুদ্ধে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতে গেলেও ওই শিক্ষক বহিরাগতদের ডেকে এনে সাংবাদিকদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ৭ নম্বর বামাকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের অভিযোগ, বোদা উপজেলা প্রেসক্লাবের ছয়জন সাংবাদিক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের অনুমতি নিয়ে বিদ্যালয়ে তথ্য সংগ্রহ করতে যান। এ সময় সহকারী শিক্ষক স্বপন কুমার রায় তাঁদের সঙ্গে বিরূপ আচরণ করেন। একপর্যায়ে কয়েকজন বহিরাগতকে ডেকে এনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষেই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এ ছাড়া নিজের মোবাইল ফোনে ফেসবুক লাইভ করে সাংবাদিকদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।ঘটনার পরপরই সাংবাদিকেরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে ফোন করে বিষয়টি জানান। পরে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার নির্দেশ দেন। তবে অভিযোগ, উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশনার পরও ওই শিক্ষক সাংবাদিকদের সহযোগিতা করেননি।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম বলেন, ‘আপনারা যথাযথ অনুমতি নিয়েই এসেছেন। বিষয়টি আমিও অবগত। যেহেতু তাঁর (স্বপন কুমার) এমন আচরণ করার কথা নয়, সেহেতু আপনারা উপজেলা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন।’এদিকে সহকারী শিক্ষক স্বপন কুমার রায়ের বিরুদ্ধে অতীতেও বিভিন্ন ধরনের অসদাচরণের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা।ময়দানদিঘী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সন্তোষ কুমার রায় বলেন, ‘সহকারী শিক্ষক স্বপন কুমার রায়ের বিরুদ্ধে বিদ্যালয় ও এলাকাকেন্দ্রিক বিভিন্ন অসদাচরণ, নারী ও শিশুর শ্লীলতাহানিসহ নানা অভিযোগ রয়েছে বলে আমি জানি। এসব বিষয়ে একাধিকবার এলাকায় সালিশ বৈঠক হয়েছে। কয়েকটি বৈঠকে আমিও উপস্থিত ছিলাম। তাঁকে ঘিরে সাম্প্রতিক সময়েও এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে।’স্থানীয় বাসিন্দা শাহীনুর ইসলাম শাহীন ও বেলাল হোসেন বলেন, ‘ওই শিক্ষকের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। একসময় এলাকাবাসী মিলে তাঁর বিরুদ্ধে মানববন্ধন করারও উদ্যোগ নিয়েছিল। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’সাংবাদিকদের হেনস্তার অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। এ ছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ থেকেই তাঁরা আমাকে ফোনে বিষয়টি জানিয়েছিলেন। প্রধান শিক্ষকের সঙ্গেও কথা বলে ঘটনার বিষয়ে অবগত হয়েছি। আমার অনুমতি থাকা সত্ত্বেও তথ্য সংগ্রহের সময় সহকারী শিক্ষক স্বপন কুমার রায় সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ ও সামাজিকভাবে হেনস্তা করেছেন বলে জানতে পেরেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।’এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোদা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান। তিনি বলেন, ‘সংবাদমাধ্যম একটি স্বাধীন পেশা। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত অধিকার। এ কাজে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হেনস্তার অভিযোগের ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।