মোস্তফা কামাল মজুমদার: , স্টাফ রিপোর্টার ||
“ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে, সচেতন হোন, নিরাপদ থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের গকুলনগর এলাকায় মশা নিধন কর্মসূচি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর, ২০২৬) বিকেল ৩টায় গকুলনগর মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণ থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী অধ্যক্ষ মাওঃ শেখ মোঃ আল আমিনের (কামিল, বিএ অনার্স, এমএ, বিএড) উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার আমির হাফেজ ফয়জুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ রাশেদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গকুলনগর টানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মোশাররফ হোসেন, মোখলেছুর রহমান বাবু, অ্যাডভোকেট সাজ্জাদ আলম রাহুল, আব্দুল মান্নান রাসেল, মুজাহিদ আল হোসাইন, শেখ মোঃ আব্দুল আজিজ, শেখ মোঃ খোরশেদ আলম, মঞ্জুল হক এবং রাহাদ হোসেন।আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের ভয়াবহতা তুলে ধরে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।কর্মসূচির শুরুতে বাদ আসর দেশ ও জাতির কল্যাণ এবং মশাবাহিত রোগ থেকে মুক্তির কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ উদ্দিন। দোয়া শেষে ফগার মেশিনের সাহায্যে গকুলনগর মাদ্রাসা মসজিদ এলাকা থেকে শুরু করে আশপাশের বিভিন্ন স্থানে মশা নিধন ঔষধ ছিটানো হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।