প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৬
শিবগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
নাজমুল হাসান, , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ||
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া গ্রামে রিসা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় প্রাইম স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (২৮ নভেম্বর) সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে রিসার সঙ্গে তার ১০ বছর বয়সী ছোট ভাই মোঃ মুসাইদের টেলিভিশন দেখা নিয়ে রিমোট হাতে নেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে মা শিল্পী বেগম মেয়েকে বকাঝকা করেন।পরদিন শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে মা শিল্পী বেগম মেয়েকে চা খাওয়ার জন্য ঘুম থেকে ওঠাতে যান। কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে জানালা দিয়ে ঘরের ভেতরে তাকিয়ে মেয়েকে জানালার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।এ সময় তিনি চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে রিসাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত রিসার বাবা আব্দুল মালেক জীবিকার তাগিদে মালয়েশিয়ায় প্রবাসী। মেয়ের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের পরিবেশ বিরাজ করছে।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ