সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: ||
জামালপুরের সরিষাবাড়ীতে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও শিক্ষার্থী নিবন্ধনে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে শাহীন স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তি ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।শাহীন স্কুল ও অভিভাবক সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের নামে মোট ১০৬ জন শিক্ষার্থী নিবন্ধিত রয়েছে। এর মধ্যে ৫৫ জন শিক্ষার্থী সরিষাবাড়ী পোস্ট অফিস মোড় এলাকায় অবস্থিত শাহীন স্কুলের প্রধান শাখায় অধ্যয়নরত।অভিযোগ রয়েছে, এসব শিক্ষার্থীর নিবন্ধন বাবদ বোর্ড নির্ধারিত ৩১৪ টাকার পরিবর্তে প্রত্যেকের কাছ থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা আদায় করা হয়েছে। এ ছাড়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত ২ হাজার ৪৪৫ টাকার পরিবর্তে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বাধ্যতামূলকভাবে ৫ হাজার টাকা আদায় করা হচ্ছে।অভিভাবকেরা জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পোস্ট অফিস মোড় শাখা থেকে ৫৩ জন শিক্ষার্থী অংশ নিলেও তাদের মধ্যে ১৯ জন অকৃতকার্য হয়। প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে এবার টেস্ট পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদেরও ফরম পূরণের সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তাঁরা। এমনকি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতাও করা হচ্ছে না।শিক্ষার্থীদের অভিযোগ, এবারের টেস্ট পরীক্ষায় কোনো শিক্ষার্থী ৪০ নম্বরের কম পেলেই তাকে অকৃতকার্য দেখানো হয়েছে। অথচ তাদের দাবি, শিক্ষা বোর্ডের প্রচলিত পাস নম্বর ৩৩। এ ছাড়া পরীক্ষার ফলাফল ও মূল্যায়ন পদ্ধতি নিয়েও তাদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। এ কারণে শিক্ষা বোর্ডের মাধ্যমে খাতা ও ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন তাঁরা।অভিভাবকদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরও এসএসসি পরীক্ষার ফরম পূরণের সুযোগ রয়েছে। সেখানে এক বা দুই বিষয়ে অকৃতকার্য হলেই কেন ফরম পূরণের অনুমতি দেওয়া হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের মতে, এ ধরনের সিদ্ধান্ত শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। অভিযোগগুলোর প্রতিকার চেয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকেরা বর্তমানে বিভিন্ন দপ্তর ও মহলে ঘুরছেন। তবে এখনো কোনো প্রতিকার পাননি বলে দাবি তাঁদের।স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের আরও অভিযোগ, সরিষাবাড়ী শাহীন স্কুল শাখার নিজস্ব ইআইআইএন নম্বর নেই। তা সত্ত্বেও ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি এবং অন্য বিদ্যালয়ের নামে নিবন্ধন করিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে অভিভাবকেরা যেন তাঁদের সন্তানদের লেখাপড়া নিয়ে কোনো অভিযোগ করতে না পারেন, সে জন্য নানা প্রলোভন দেখিয়ে অনাপত্তিপত্রসহ (এনওসি) বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নিয়ে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে।এসব অনিয়ম কীভাবে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা। তাঁরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, আদায় করা অর্থের হিসাব যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও অভিভাবকদের স্বার্থ রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।এ বিষয়ে চর সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম হেলাল বলেন, ২০২৭ সালের এসএসসি ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নেই। শাহীন স্কুলের ৫৫ জন শিক্ষার্থীর ফরম পূরণের কথা থাকলেও তারা এখনো ৯ জন শিক্ষার্থীর কাগজপত্র জমা দেয়নি। শুনেছি, তারা কোনো অকৃতকার্য শিক্ষার্থী নেবে না—এটা ঠিক নয়।শিক্ষানুরাগীদের মতে, টাঙ্গাইলের শাহীন স্কুল সরিষাবাড়ী উপজেলায় একটি শাখা পরিচালনার অনুমতি দিলেও বাস্তবে স্কুল ও মাদ্রাসার নামে প্রায় আটটি শাখা পরিচালিত হচ্ছে। তাঁদের অভিযোগ, শিক্ষার মানোন্নয়নের চেয়ে বাণিজ্যিক চিন্তাকে প্রাধান্য দেওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম প্রশ্নবিদ্ধ হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ জরুরি বলে মনে করেন তাঁরা।অভিযোগের বিষয়ে জানতে শাহীন স্কুলের পরিচালক তোজাম্মেল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।