আবু রায়হান, মণিরামপুর (যশোর): ||
মণিরামপুরের হানুয়ার মাঠে ধান তুলতে গিয়ে প্রাণ গেল শ্রমিকেরআবু রায়হান, মণিরামপুর (যশোর): যশোরের মণিরামপুর উপজেলার হানুয়ার মাঠে ধান বহনের সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মান্নান শেখ (৫০)।তিনি উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত হাতেম শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি মাঠে ধান বহনের কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন।মাঠে থাকা অন্য সহকর্মীরা মান্নান শেখকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমে অতিরিক্ত পরিশ্রমের কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা জানান, মান্নান শেখ অত্যন্ত পরিশ্রমী ও সহজ-সরল মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে।