প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত
অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: ||
পটুয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিতঅপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পটুয়াখালী পৌরসভার প্রশাসক জুয়েল রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকারের সভাপতি মো: ফারুক হোসেন এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি সাইদুর রহমান খান। আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। মে দিবসের চেতনাকে ধারণ করে মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বক্তারা এ সময় কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এদিকে মহান মে দিবস উপলক্ষে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকেও পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুক্রবার বিকেল চারটায় শহরের ঝাউতলা এলাকা থেকে তাদের একটি বর্ণাঢ্য র্যালি শুরু হওয়ার কথা রয়েছে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই পটুয়াখালীর বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ