মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ- ||
রাজনৈতিক সহমর্মিতা বজায় রাখতে কুড়িগ্রামে বিএনপি–জামায়াত বৈঠক। মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ- কুড়িগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, নেতাকর্মীদের চরিত্রহনন ও সাম্প্রতিক মতবিরোধের প্রেক্ষাপটে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। শুক্রবার রাতে জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দলের মধ্যে রাজনৈতিক সহমর্মিতা ও শিষ্টাচার বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। জেলা জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, সেক্রেটারি নিজাম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জামায়াত নেতা অ্যাডভোকেট তাজুল ইসলাম।বৈঠক সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বিএনপি ও জামায়াত-শিবিরের নাম ব্যবহার করে নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের জেরে জেলার কয়েকটি উপজেলায় উত্তেজনা ও মতবিরোধের ঘটনাও ঘটেছে।বৈঠকে নেতারা বলেন, অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপি ও জামায়াতের মধ্যে যে সমন্বয় ও সহযোগিতা ছিল, তা ভবিষ্যতেও বজায় রাখতে হবে। তাঁরা বলেন, ‘কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব অপচেষ্টা রুখতে দলীয় নেতাকর্মীদের আরও সতর্ক থাকতে হবে।’বৈঠকে সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে যেকোনো ধরনের বিভ্রান্তি বা সংঘাত এড়াতে দুই দলের স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।শেষে নেতারা বলেন, ‘রাজনৈতিক ভিন্নতা থাকলেও ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও শিষ্টাচার বজায় রেখে আমরা জেলার শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ ধরে রাখতে চাই।