মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: ||
তারুণ্যের উচ্ছ্বাসে মুখর নেত্রকোণা স্টেডিয়াম,জমকালো আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধনমোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলা আধুনিক স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’। দেশের তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।শনিবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান, ডিডিএলজি মোঃ আরিফুল ইসলাম সরদার, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট মাহফুজুল হকসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি জাতির শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তিনি আরও বলেন, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন খেলাধুলার প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে।আয়োজকরা জানান, ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’-এ বিভিন্ন বয়সভিত্তিক একাধিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিক্স উল্লেখযোগ্য। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত খেলোয়াড়রা ইতোমধ্যে স্টেডিয়ামে সমবেত হয়েছেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন এবং খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে তরুণদের ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে এবং জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।