প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
দুই উপজেলা সংযোগকারী আর্মিদিং নদীর উপর নির্মিত ব্রিজে অনিয়মের অভিযোগ
ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ ||
দুই উপজেলা সংযোগকারী আর্মিদিং নদীর উপর নির্মিত ব্রিজে অনিয়মের অভিযোগওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাতুপুর গ্রাম ও বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের আতাফুর গ্রামের সংযোগস্থলে আর্মিদিং নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ব্রিজের কাজ শুরুর পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।অভিযোগ রয়েছে, বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাসের তত্ত্বাবধানে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ব্রিজটির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মাঝখানের একটি অংশ দেবে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও নতুন ও নরম মাটির উপর ব্রিজ নির্মাণ করায় ওসমানীনগর অংশের প্রবেশমুখে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে।স্থানীয়দের দাবি, অপরিকল্পিত ও নিম্নমানের কাজের কারণে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নদীর উপর নিচু করে ব্রিজ নির্মাণ করায় নৌকা চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে। এতে এলাকার কৃষক, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ব্রিজটির প্রকল্প ব্যয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তবে কাজ যথাযথভাবে হচ্ছে বলে দাবি করেন।স্থানীয় বাসিন্দা ছনু মিয়া সহ কয়েকজন অভিযোগ করে বলেন, “ব্রিজ নির্মাণ কাজে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রহস্যজনক ভূমিকা রয়েছে। নিম্নমানের কাজের কারণে জনগণের টাকার অপচয় হচ্ছে।”এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্রিজ নির্মাণ কাজে গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ