শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি ||
নিজ উদ্যোগে সড়ক সংস্কার শুরু করলেন মেয়র প্রার্থী হায়াতুনপঞ্চগড় পৌরসভার হঠাৎপাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন অন্তত ১০টি পরিবার। এ অবস্থায় প্রায় ২০০ মিটার দৈর্ঘ্যের একটি সড়ক নিজ উদ্যোগে সংস্কারের কাজ শুরু করেছেন আসন্ন পঞ্চগড় পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হায়াতুন আলম।মঙ্গলবার দুপুরে তিনি ওই সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান বিপ্লব, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান্দ বানু মুক্তিসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়ায় চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিন ধরেই সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান তারা।হায়াতুন আলম বলেন, সম্প্রতি এই এলাকায় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির আসলে স্থানীয়রা এই সড়কটি সংস্কারের দাবি তোলেন। পরে সংসদ সদস্য আশ্বস্ত করেন তাদের দাবি বাস্তবায়নের। পরে সংসদ সদস্যের সঙ্গে কথা বলে আমি নিজ অর্থায়নে এই সড়কটির সংস্কার কাজ শুরু করেছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করবো।হায়াতুন আলম সাবেক ছাত্র ও যুব নেতা হিসেবে এলাকায় পরিচিত। তিনি পঞ্চগড় শহরের নুরজাহান হোটেল এন্ড রেস্তোরাঁর সত্বাধিকারী। এছাড়া পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচিত পরিচালক এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, পঞ্চগড় ইউনিটের কার্যকরি সদস্য হিসেবে রয়েছেন।