ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: ||
কেশবপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ২৪ পরিবারকে আত্মকর্মসংস্থানের আর্থিক সহায়তা প্রদান ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুরে অসহায়, দরিদ্র ও কর্মসংস্থানহীন মানুষের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পৌর কার্যালয়ে আয়োজিত এক মানবিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৪টি পরিবারের মাঝে এ সহায়তা তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য ও কেশবপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. মোক্তার আলী। তিনি উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়ে বলেন, সমাজের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক ও ধর্মীয় দায়িত্বও। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারলে মানুষ নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হবে এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরে আসবে।তিনি আরও বলেন, কোরআন ও হাদিসে দান-সদকার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়া।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ ওয়ালিউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান। তিনি জানান, এই সহায়তার অর্থ কোনো সাংগঠনিক তহবিল থেকে নয়; বরং সংসদ সদস্য অধ্যাপক মো. মোক্তার আলীর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির সাইদুর রহমান সাইদ ও সিনিয়র নায়েবে আমির মো. রেজাউল ইসলাম। বক্তারা বলেন, সমাজে দারিদ্র্য ও বেকারত্ব নিরসনে আত্মকর্মসংস্থানের বিকল্প নেই। সহায়তার অর্থ উৎপাদনমুখী ও ব্যবসায়িক কাজে বিনিয়োগের মাধ্যমে উপকারভোগীরা স্বনির্ভর হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উপকারভোগীরাও এ সহায়তার অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের জীবনমান উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।