মোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:- ||
দেওয়ানগঞ্জে প্রকল্প অনিয়ম নিয়ে তথ্য প্রকাশের জেরে কনটেন্ট ক্রিয়েটরের ওপর হামলামোঃ মোখলেছুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি:- ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ১নং ডাংধরা ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি প্রকল্পের অনিয়মের তথ্য প্রকাশকে কেন্দ্র করে এক কনটেন্ট ক্রিয়েটরের ওপর হামলার অভিযোগ উঠেছে।আহত ব্যক্তি ডাংধরা ইউনিয়নের কনটেন্ট ক্রিয়েটর মোঃ আশরাফ হাসান।শুক্রবার বিকেলে কাউনিয়ার চর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।ভুক্তভোগী আশরাফ মিয়া অভিযোগ করে জানান, তিনি বিকেলে কাউনিয়ার চর বাজারে গেলে ডাংধরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ বাপ্পি মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাপ্পি মিয়া ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি তাকে এলোপাতাড়ি মারধর করেন।আশরাফ মিয়ার দাবি, সম্প্রতি তিনি একটি সরকারি প্রকল্পের অনিয়ম সংক্রান্ত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেছিলেন। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।অভিযুক্ত মেম্বার মোঃ বাপ্পি মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আশরাফ সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রকল্প নিয়ে তথ্য প্রকাশ করেছেন, সেখানে তিনি সভাপতি নন; প্রকল্পটির সভাপতি সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ সুফিয়া বেগম। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা মোঃ সোহেল মিয়া জানান, সংশ্লিষ্ট প্রকল্পের কাজ এখনো সম্পন্ন হয়নি। এজন্য প্রকল্পের বিল স্থগিত রয়েছে।বর্তমানে সংঘর্ষে জড়িত উভয় পক্ষই দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।