মো ঃ হোসাইন নাঈম, ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি, ময়মনসিংহ । ||
ময়মনসিংহে রাস্তা নির্মাণে জমি দখলের অভিযোগ, ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা ময়মনসিংহ নগরীর কোতোয়ালী থানাধীন মাসকান্দা মৌজায় রাস্তা নির্মাণের নামে বসতভিটার জমি দখলের অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করেছেন একটি ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় তারা ময়মনসিংহ সদর সিনিয়র সিভিল জজ আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেছেন।মামলার বাদী হাজেরা খাতুন, ঝর্ণা খাতুন, নাজমা বেগম ও নূরজাহান বেগম জানান, তাদের পৈত্রিক ওয়ারিশসূত্রে প্রাপ্ত ১০ শতাংশ জমির মধ্যে প্রায় ৭ শতাংশ রাস্তা নির্মাণের জন্য নিয়ে নেওয়া হয়েছে। এতে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।বাদীদের দাবি, মাসকান্দা মৌজার এসএ ৮৬ নং খতিয়ান ও বিএস ৪৯৭ নং খতিয়ানের ২৭৮৭ দাগভুক্ত জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে আছেন। বিবাদীদের ওই জমিতে কোনো স্বত্ব বা দখল না থাকা সত্ত্বেও জোরপূর্বক রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।মামলায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন, প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি জেলা প্রশাসককে মোকাবিলা বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।ভুক্তভোগী পরিবার বলছে, “আমাদের বসতভিটার জমি থেকে রাস্তা করা হয়েছে। আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, তবে জমির যথাযথ ক্ষতিপূরণ চাই।” বর্তমানে আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা ও প্রয়োজনীয় প্রতিকার চেয়ে মামলা চলমান রয়েছে।