মোঃ শাহজালাল সুমন:তুরাগ-ঢাকা : ||
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে তুরাগে ৫২ নং ওয়ার্ডে ডিএনসিসির পলিব্যাগ বিতরণমোঃ শাহজালাল সুমন:তুরাগ-ঢাকা : পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কুরবানির পশুর বর্জ্য যথাযথভাবে সংরক্ষণ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে তুরাগ ৫২ নং ওয়ার্ডের দলিপাড়া এলাকায় সচেতনতামূলক পলিব্যাগ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় এলাকার বিভিন্ন মহল্লা, বাসাবাড়ি গিয়ে সাধারণ মানুষের মাঝে ডিএনসিসির বিশেষ পলিথিন ব্যাগ বিতরণ করা হয়। এ কার্যক্রমে নেতৃত্ব দেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এ এম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব আবু তাহের খান আবুল। পলিব্যাগ বিতরণকালে তিনি বাসাবাড়িতে গিয়ে স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, “কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত এই পলিথিন ব্যাগে সংরক্ষণ করে রাখবেন। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সময়ের মধ্যে আপনাদের বাসাবাড়ি থেকে এসব বর্জ্য অপসারণ করবে। সবাই সচেতন হলে পরিচ্ছন্ন ও দুর্গন্ধমুক্ত নগরী গড়ে তোলা সম্ভব হবে। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগ, পরিচ্ছন্নতা ও মানবিক মূল্যবোধ। তাই ধর্মীয় এই উৎসবকে কেন্দ্র করে পরিবেশ দূষণ যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য পরিচ্ছন্নতা সুপারভাইজার সজীব, মশক নিধন সুপারভাইজার মনির হোসেন, মো. জালাল হোসেন খান, দলিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি, মো. সোহেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি, শওকত, প্রচার সম্পাদক, দলিপাড়া ওয়েলফেয়ার সোসাইটি, আলী আহাম্মেদ মুকুল, বিএনপি নেতা, সাব্বির আহমেদ, বিএনপি নেতা এবং লোকমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতাকর্মীরা। ডিএনসিসি সূত্রে জানা গেছে, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সংস্থাটির নিজস্ব প্রায় সাড়ে ৬ হাজার বর্জ্য পরিচ্ছন্নতা কর্মী মাঠে কাজ করবেন। পাশাপাশি বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে নিয়োজিত সাড়ে ৪ হাজার কর্মী সরাসরি দায়িত্ব পালন করবেন। এ ছাড়া রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ১০০ জন করে মোট প্রায় সাড়ে ৫ হাজার স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি ও মনিটরিং করবেন। সব মিলিয়ে ঈদের দিন থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রায় ১৬ হাজার জনবল নিয়োজিত থাকবে বলে জানিয়েছে ডিএনসিসি। ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ঈদের দিন দুপুরে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করবেন বলেও জানা গেছে। একই সঙ্গে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে সংস্থাটির পক্ষ থেকে প্রায় ১৬ লাখ ৩০ হাজার পলিব্যাগ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, এমন সচেতনতামূলক উদ্যোগ পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঈদের পর নগরবাসীর দুর্ভোগ অনেকাংশে কমাবে।