চাঁদপুর, কচুয়া প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন (রাজ) ||
কচুয়ায় মাদকবিরোধী আলোচনা সভা: আইনগিরী হবে মাদকমুক্ত গ্রাম-ওসি আজিজুল ইসলাম চাঁদপুর, কচুয়া প্রতিনিধি: মোঃ আনোয়ার হোসেন (রাজ) মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগিরী ও বাতাবাড়িয়া গ্রামে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আইনগিরী গ্রামের খানেকের মাঠে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম।ওসি আজিজুল ইসলাম বলেন, "মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। মাদকের বিরুদ্ধে গণহারে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনগিরী গ্রামকে আমরা মাদকমুক্ত মডেল গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে পুলিশের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুব সমাজ ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।"তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা তৈরি করে তাদের আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাবু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজসেবক মো. গোলাম কিবরিয়া, মো. জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা মাদকের কুফল তুলে ধরে যুব সমাজকে খেলাধুলা ও শিক্ষা-সংস্কৃতির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান। একইসাথে প্রতিটি মহল্লায় মাদকবিরোধী কমিটি গঠন করে সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের বয়কটের ঘোষণা দেন।