ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: ||
ওসমানীনগরে এমপি লুনার উদ্যোগে কাগজপুর-ভাগলপুর সড়ক নির্মাণে আশার আলো ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার কাগজপুর-ভাগলপুর সড়ক নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী এই সড়কের কারণে স্থানীয় জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হলেও অবশেষে উন্নয়নের উদ্যোগ নেওয়ায় আনন্দ প্রকাশ করেছেন তারা।স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতার কারণে সড়কটি প্রায় অচল হয়ে পড়ত। এতে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ড ব্যাহত হতো। দীর্ঘদিন ধরে এলাকাবাসী সড়কটি সংস্কার ও নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন।ভাগলপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদল নেতা মো. হেলাল আহমদ বলেন, জনগণের দীর্ঘদিনের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা সড়কটির উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছেন। এ ঘোষণার পর থেকেই এলাকাবাসীর মধ্যে ব্যাপক সন্তোষ বিরাজ করছে।তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও দীর্ঘদিন ধরে সড়কটি নির্মাণের দাবিতে সোচ্চার ছিলেন।এদিকে সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী সড়কটির উন্নয়নের জন্য সংসদ সদস্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তদবির করে আসছেন বলে জানা গেছে।এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সড়ক নির্মাণ কাজ শুরু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। সেই সঙ্গে দীর্ঘদিনের দুর্ভোগেরও অবসান ঘটবে।