এম এ হোসেন পাটোয়ারী রংপুর পীরগাছা উপজেলা প্রতিনিধি ||
পীরগাছায় পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ।রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের বালারদিঘী চাপরাপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে এক পরিবারের বাড়িতে হামলা, মারপিট ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৪ জুন) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ওই এলাকার মুসলিম ডাক্তারের ছেলে আমিনুল ইসলামের পরিবারের সঙ্গে প্রতিবেশী লাল মিয়ার ছেলে মোফাজ্জল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার গভীর রাতে আমিনুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় মোফাজ্জল হোসেন, তার স্ত্রী আয়শা বেগম, মেয়ে মোহনা আক্তার ও জামাতা ফেরদৌস মিয়া সংঘবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করেন। একপর্যায়ে তারা বসতঘরের টিনের চালা ও টাটী বেড়া ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেন।আহত আমিনুল ইসলামের স্ত্রী সুমনা আক্তার ফেন্সি বলেন, “গভীর রাতে হঠাৎ করে তারা আমাদের বাড়িতে হামলা চালায়। ঘরের টিন ও বেড়া ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের মারধর করে আহত করে। ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকিও দিচ্ছে।”আমিনুল ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”স্থানীয় সূত্র জানায়, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সাম্প্রতিক এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মোফাজ্জল হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।