দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: ||
চুরির ঘটনার তদন্তে গিয়ে মিলল ইয়াবা দোয়ারাবাজারে দুই যুবক গ্রেপ্তার, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে চুরির অভিযোগে স্থানীয়দের জেরার মুখে পড়ে শেষ রক্ষা হলো না দুই যুবকের। চুরির ঘটনার জবানবন্দি নেওয়ার একপর্যায়ে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে। একই সাথে আটককৃতদের বিরুদ্ধে মদ পান করে এলাকায় মাতলামি ও সাধারণ মানুষকে অতিষ্ঠ করার তীব্র ক্ষোভ ও অভিযোগ রয়েছে স্থানীয়দের।গ্রেপ্তারকৃতরা হলেন:- উপজেলার নরসিংপুর ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের বাসিন্দা মোঃ এনামুল আহমদ (২২) এবং একই গ্রামের মোঃ খালেদ মিয়া (২৩)। আজ সকালে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় জনতা তাদের ধরে পুলিশের কাছে সোপর্দ করে।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত রাতে দ্বীনেরটুক গ্রামের অন্তত পাঁচটি পরিবারে চুরির ঘটনা ঘটে। আজ সকালে বিষয়টি জানাজানি হলে চুরির ধরন এবং পূর্বের আচার-আচরণ বিবেচনা করে গ্রামবাসীর মনে এনামুল ও খালেদের ওপর গভীর সন্দেহ জাগে। এরপর স্থানীয় বাসিন্দারা তাদের ডেকে এনে চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন এবং তাদের জবানবন্দি নেন।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের কথাবার্তায় ও আচরণে সন্দেহ আরও ঘনীভূত হলে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আটকের সময় দুই যুবকের মুখ থেকে তীব্র মদের গন্ধ আসছিল। মাদক সেবন করে তারা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিল বলেও অভিযোগ করেন প্রতিবেশীরা।এলাকায় একের পর এক চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী কয়েস আহমদ বলেন, গত রাতে আমার ঘর থেকে নতুন দুটি দামি মোবাইল ফোন এবং লাইট চুরি হয়ে গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। নিজ গ্রামের যুবকেরা যদি এই ধরনের জঘন্য অপকর্মে জড়িয়ে পড়ে, তবে তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। এই ঘটনার পেছনে অন্য কোনো বড় চক্র কাজ করছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। একই গ্রামের আরেক ভুক্তভোগী আক্ষেপ করে বলেন, আমার ঘর থেকেও নগদ ৫,০০০ টাকা চুরি হয়েছে। সকালের চুরির ঘটনার পর যখন তাদের আটক করা হয়, তখন আমাদের শতভাগ বিশ্বাস হয়েছে যে এই চুরির পেছনে এদেরই হাত রয়েছে।এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় আসে দোয়ারাবাজার থানা পুলিশ। পরে চুরির অভিযোগ এবং মাদকসহ আটক দুই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।গ্রেপ্তার ও আটকের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম তালুকদার জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুই যুবককে আটক করেছে। চুরির অভিযোগের পাশাপাশি তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চুরির ঘটনায় সুনির্দিষ্ট মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।এই দুই অপরাধী গ্রেপ্তারের পর দ্বীনেরটুক গ্রামসহ পুরো নরসিংপুর ইউনিয়ন জুড়ে স্বস্তি নেমে এসেছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।