আখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি: ||
সিলেটে আজ রাতে বজ্রবৃষ্টির আশঙ্কা, সতর্ক থাকার পরামর্শআখলাক হুসাইন, সিলেট জেলা প্রতিনিধি: সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শনিবার দিবাগত রাতের মধ্যে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, রাত ১টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।শনিবার (৬ জুন) বিকেলে প্রকাশিত এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সিলেটসহ দেশের মোট ১৮টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। ফলে এসব এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।এদিকে সংস্থাটির পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে সক্রিয় হচ্ছে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এতে করে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।এই পরিস্থিতিতে ঝড়-বৃষ্টির সময় অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, মৌসুমি বায়ুর অগ্রগতির সঙ্গে সঙ্গে আগামী দিনগুলোতে দেশের আবহাওয়ায় আরও পরিবর্তন আসতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাই সর্বসাধারণকে নিয়মিত আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।