মোঃ তুহিন মোল্লা :নড়াইল প্রতিনিধি ; ||
নড়াইল ও মাগুরার দায়িত্ব পেলেন এমপি নিপুণ রায় চৌধুরী মোঃ তুহিন মোল্লা :নড়াইল প্রতিনিধি ; সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরীকে নড়াইল ও মাগুরা জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দুই জেলার উন্নয়ন কার্যক্রম তদারকি, প্রশাসনিক সমন্বয় এবং রাজনৈতিক কার্যক্রম পর্যবেক্ষণে তিনি দায়িত্ব পালন করবেন।জাতীয় সংসদ ভবনে শনিবার বিকেলে সরকারদলীয় সংসদ সদস্যদের এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। সভা পরিচালনা করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এ সময় স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সভায় আনুষ্ঠানিকভাবে জানানো হয়, দলের ৩৬ জন নারী সংসদ সদস্যকে বিরোধী দলের প্রতিনিধিত্ব করা ৭৯টি সংসদীয় আসনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে নড়াইল ও মাগুরা জেলার দায়িত্ব পান নিপুণ রায় চৌধুরী।সংশ্লিষ্ট সূত্র জানায়, বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতিনিধিত্ব করা আসনগুলোর উন্নয়ন কার্যক্রম তদারকির ক্ষেত্রে বিএনপির নারী সংসদ সদস্যরা সংশ্লিষ্ট এলাকায় ডিও লেটার (আধা-সরকারি পত্র) দিতে পারবেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড, প্রশাসনিক সমন্বয় এবং বিভিন্ন সরকারি কার্যক্রমে তাঁদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।দলীয় সূত্রের দাবি, নারী সংসদ সদস্যদের আরও সক্রিয় ও কার্যকরভাবে মাঠপর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত আসনগুলোর উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও তদারকি আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নতুন দায়িত্ব পাওয়ার পর নড়াইল ও মাগুরার উন্নয়ন কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতারা।