ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি ||
নেত্রকোণায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রত্যাহারের দাবিওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণা সদর উপজেলা বুধবার(১৭ জুন) বেলা আড়াইটা নাগাদ জেলা প্রেসক্লাবের সামনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, বাংলাদেশ প্রেসক্লাবের জেলা সভাপতি শামীম তালুকদারসহ জেলার প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।এসময় বক্তারা বলেন, তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট অনুসন্ধানী সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিকদের হয়রানি করা হলে সত্য উদঘাটনের পথ বাধাগ্রস্ত হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে।তারা আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের স্বার্থে কাজ করে। দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। এ ধরনের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে হবে।বক্তারা অবিলম্বে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।