মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি) ||
দক্ষিণ রাউজানে প্রথমবারের মতো শ্রীশ্রী মা গঙ্গা পূজা ২৪ জুন আগামীকালমিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি): চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আগামীকাল বুধবার (২৪ জুন) প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে শ্রীশ্রী মা গঙ্গা পূজা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ও ভক্তিমূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।পশ্চিম গশ্চি এলাকায় অবস্থিত দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে দিনব্যাপী এ অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টা থেকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ। দুপুর ১টা ২৫ মিনিটে সমবেত ভক্তবৃন্দের অংশগ্রহণে নামকীর্তন অনুষ্ঠিত হবে। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে মহাপ্রসাদ বিতরণ ও আস্বাদনের ব্যবস্থা রাখা হয়েছে। বিকেল ৩টায় গীতা পাঠের পূর্ণাহুতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।অনুষ্ঠানে গীতাপাঠ পরিবেশন করবে টিম শ্যামা। গীতাপাঠক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী সাগর মহাজন। তিনি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির গীতা শিক্ষা নিকেতনের পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো আয়োজিত এ শ্রীশ্রী মা গঙ্গা পূজা দক্ষিণ রাউজানের ধর্মীয় অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই আয়োজন বৃহত্তর পরিসরে উদযাপিত হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।আয়োজকদের পক্ষ থেকে সনাতনী সমাজের সর্বস্তরের নারী-পুরুষ, যুবক-যুবতী ও ভক্তবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজা, নামকীর্তন ও মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে আয়োজনকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়েছে।নিবেদক: দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা কমিটি, পশ্চিম গশ্চি, রাউজান, চট্টগ্রাম।